বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এই চরম অব্যবস্থাপনার প্রেক্ষিতে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষার সময়। কেন্দ্র সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হলেও কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছায়নি। দীর্ঘ ২২ মিনিট অপেক্ষার পর প্রশ্নপত্র হাতে পাওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে একটি লিখিত প্রতিবেদন পাঠান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাৎক্ষণিকভাবে এসি ল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, "এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও সমান দায়ী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।"
অন্যদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার অভিযোগ তুলেছেন। তিনি মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, "ওই ঘটনায় বগুড়ার জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। গাবতলীর ইউএনওর প্রতিবেদনও জেলা প্রশাসন থেকে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মুঠোফোনে যোগাযোগ করা হলে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।