আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও পেশাদার করার লক্ষ্যে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘এরই অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, সরকার এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে রাষ্ট্র ও সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়। এছাড়া পরিবেশ সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে আগামী পাঁচ বছরে সরকারি ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।