সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বি এম আব্দুস সাত্তার বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, ‘বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ করছেন, কিছু জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব (ক্ষতিগ্রস্ত) হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’