টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গত সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেন, এই পরিস্থিতি সামনে রেখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায়। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সরকারকে বিব্রত করতে একটি মহল যে রয়েছে, তা দৃশ্যমান। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এ আন্দোলন করছে।"
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত পরীক্ষার্থী নন। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং প্রকৃত পরীক্ষার্থীরা সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট। ফলে সমস্যার সমাধান হয়ে গেছে বলে তিনি মনে করেন।
আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয় বলে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, সরকার এই আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না।
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেবে সরকার। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চায় বর্তমান সরকার।"
জুলাই গণ–অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের সময় অটো পাস, অতিরিক্ত নম্বর দেওয়া ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
সবশেষে তিনি জানান, শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।