বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের (বিএমবিএএ) একটি প্রতিনিধিদল। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাৎকার চলাকালীন সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নিজেদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে একটি স্বাধীন, নিরপেক্ষ ও অরাজনৈতিক টাস্কফোর্স হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






