যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এই লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি সদস্যদের টহল শুরু হয়েছে। তাঁদের সঙ্গে পুলিশ ও র্যাবের সদস্যরাও যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করছেন।
গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ঘটেছিল, যাতে পাঁচজন নিহত হন। আগামীকাল ওই ঘটনার এক বছর পূর্ণ হবে।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, "কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের সংঘর্ষের এক বছর পূর্তির দিনটিকে কেন্দ্র করে পুনরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পুরো জেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।






