বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে একদল শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান করে তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান দিতে থাকেন।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে কিছুক্ষণ অবস্থান করেন। পরবর্তীতে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সচিবালয়ের দিকে রওনা হন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন শিক্ষার্থীরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তাঁরা। বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবন থেকে তাঁরা শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন এবং অবরোধ শুরু করেন।
শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের দাবি এখন একটাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছে, তাঁকে পদত্যাগ করতে হবে।’






