বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারকালে দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের আবাসন খাতের উন্নয়ন, জাতীয় বিল্ডিং কোড, নগর পরিকল্পনা, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত কথা বলেন দুই প্রতিনিধি।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, তাঁর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। অন্যদিকে, ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন মন্ত্রী জাকারিয়া তাহের। জবাবে রাষ্ট্রদূত এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।

এ সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের কর্মকর্তারা।