অনলাইন কেনাকাটায় সামান্য কিছু টাকার ছাড় বা ক্যাশব্যাক পেতে অনেক সময় অপ্রয়োজনীয় পণ্য কার্টে যোগ করেন ক্রেতারা। তবে ভারতের এক ব্যক্তির ক্ষেত্রে এই প্রচেষ্টা শেষ পর্যন্ত এক হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে। ১০০ রুপির ক্যাশব্যাক পেতে গিয়ে শেষ পর্যন্ত তাঁর হাতে এল মাত্র ৫ রুপির একটি চকলেট।
ঘটনাটি ঘটেছে চেতন বশিষ্ঠ নামের এক ব্যক্তির সঙ্গে। সম্প্রতি তিনি তাঁর এই অদ্ভুত অভিজ্ঞতার কথা লিংকডইনে শেয়ার করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
জানা গেছে, একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে চেতন ৮৯৮ রুপি মূল্যের একটি ঘণ্টা অর্ডার করতে চেয়েছিলেন। ওই সময়ে প্ল্যাটফর্মটিতে একটি অফার চলছিল—কমপক্ষে ৮৯৯ রুপির কেনাকাটা করলে ১০০ রুপি ক্যাশব্যাক পাওয়া যাবে। মাত্র ১ রুপির জন্য অফারটি হাতছাড়া হতে দেখে চেতন কার্টে সবচেয়ে কম দামি পণ্যটি খুঁজতে শুরু করেন। শেষ পর্যন্ত তিনি ৫ রুপি মূল্যের একটি ‘পার্ক’ চকলেট খুঁজে পান এবং ৯০৩ রুপির মোট কেনাকাটা করে ১০০ রুপির ক্যাশব্যাক নিশ্চিত করেন।
তবে বিপত্তি ঘটে ই-কমার্স প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় লজিস্টিক সিস্টেমের কারণে। অর্ডার নিশ্চিত হওয়ার কিছু সময় পর গুদামে মজুত না থাকায় মূল পণ্য ঘণ্টাটির অর্ডার বাতিল হয়ে যায়। কিন্তু স্বয়ংক্রিয় অ্যালগরিদমের কারণে ৫ রুপির চকলেটের অর্ডারটি বহাল থাকে।
অর্ডার করার ঠিক ১০ মিনিট পর মোটরসাইকেলে করে দুই ডেলিভারি বয় চেতনের দরজায় হাজির হন। দরজা খোলার পর চেতন লক্ষ্য করেন, দুই যুবকই হাসছেন। হাসির কারণ জানতে চাইলে তাঁরা জানান, কে মাত্র ৫ টাকার একটি চকলেট অর্ডার করেছেন তা দেখতেই তাঁরা এত দূর ছুটে এসেছেন।
এই ঘটনায় বিরক্ত না হয়ে বরং বিষয়টিকে মজার ছলে নেন চেতন। ডেলিভারি বয়দের রসিকতার জবাবে তিনি বলেন, তাঁরা আসার আগে তাঁকে ফোন করলে তিনি চকলেটটি তাঁদের খেয়ে নিতে বলতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।






