বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে তারা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধির আওতায় এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, "যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।"

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা— চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষার্থী বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এই পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রী বলেন, "প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যাঁরা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।"

অন্যদিকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।"