সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায় ঘোষণা করবেন আদালত। আগামী ২৮ জুলাই এই মামলার রায়ের তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নোটিশ দিয়েছিল দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই বিবরণী দাখিল করেননি।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদক এই মামলাটি দায়ের করে এবং ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করেন। মামলার বিচার প্রক্রিয়ায় এখন পর্যন্ত সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। সেই সময় থেকে তিনি কারাগারে অবস্থান করছেন। উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এস কে সুর চৌধুরী।