গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবার এবং ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিএফআইইউ-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, জব্দ করা মোট সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে রয়েছে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে জব্দ করা হয়েছে ১৯ হাজার কোটি টাকা। তবে ব্যক্তিগতভাবে কার কত পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে, সেই বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
সম্পদ উদ্ধারের বিষয়ে বিএফআইইউ প্রধান বলেন, ‘দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে, তা উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, এ বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, মুদ্রা পাচার, কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়। সংশ্লিষ্ট ১০টি শিল্পগোষ্ঠী হলো—এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ।
বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। আর পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে রয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, সরকার পরিবর্তন হলে কেন অনুসন্ধান ও সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয় এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকারীদের বিষয়ে তদন্ত হবে কি না—তা জানতে চাওয়া হয়। জবাবে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা কাজ করার ক্ষেত্রে দলমত ও ব্যক্তির দিকে তাকাব না। আমরা দেখব কাজের দিকে। সন্দেহজনক লেনদেন হলেই ব্যাংক হিসাব জব্দ করা হয়। সন্দেহজনক লেনদেন যিনি করে থাকেন না কেন, এখানে সেই ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয়। অন্তর্বর্তী সরকারের কেউ করে থাকলে, সেটাও সামনে আসবে।’






