রাজবাড়ীর পাংশা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার একটি মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জিল্লু মণ্ডল (৫০)।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ওই শিক্ষার্থী তার গ্রামের বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন। পথে আখখেতের মাঝের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় জিল্লু মণ্ডল ওই ছাত্রীর মুখ চেপে ধরেন। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হলে জিল্লু পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ওই মাদ্রাসায় যান এবং বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত জিল্লু সেখানে উপস্থিত হলে তাঁকে মারধর করা হয়। এসময় উপস্থিত জনতা বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত জিল্লুকে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা-পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা কয়েকজন জিল্লুর বাড়িতে গেলে প্রথমে সে বিষয়টি এড়িয়ে যায়। পরে স্বীকার করে।”
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার একটি মামলা করেছেন। তিনি আরও জানান, গতকাল বিকেলেই আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।






