যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বার্ষিক প্রতিরক্ষানীতি-বিষয়ক বিল (এনডিএএ) নিয়ে বিতর্ক শুরুর প্রস্তাব আটকে দিয়েছে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধের নীতি এবং ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয় বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতার মুখে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গত মঙ্গলবার সিনেটে এই বিলটি নিয়ে বিতর্ক শুরু করার লক্ষ্যে উত্থাপিত প্রস্তাবের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ৫০-৪৬ ভোটে প্রস্তাবটি খারিজ হয়ে যায়। ১০০ সদস্যের এই সিনেটে বিতর্ক শুরু করতে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন ছিল, যা না পাওয়ায় কংগ্রেসে পাস হওয়ার অপেক্ষায় থাকা এই গুরুত্বপূর্ণ বিলটি বড় ধাক্কা খেল।

প্রস্তাবিত এই বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের সামরিক বাজেটের একটি বড় অংশ অনুমোদনের কথা ছিল। তবে ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করছেন, তখন কংগ্রেসের এই বিল নিয়ে সামনে এগোনো উচিত নয়। পেন্টাগনের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বাজেটের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আপত্তি জানিয়েছেন দলের সদস্যরা।

ভোটাভুটির আগে ডেমোক্র্যাট নেতা চাক শুমার দলীয় সদস্যদের বিলটির বিরোধিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এটি ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ‘ছাড়পত্র’ দেবে।

কংগ্রেসের বাইরেও নাগরিক স্বাধীনতা, পররাষ্ট্রনীতি ও যুদ্ধবিরোধী ১৪টি সংগঠনের একটি জোট এই বিলের বিপক্ষে অবস্থান নিয়েছে। ট্রাম্পের ইরান যুদ্ধকে অননুমোদিত উল্লেখ করে তারা জানিয়েছে, এই যুদ্ধে অর্থায়ন বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বার্ষিক প্রতিরক্ষানীতি-বিষয়ক বিলটি এগিয়ে নেওয়া উচিত নয়।

গত সপ্তাহে ক্রিস ভ্যান হলেন, বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, এড মার্কি, জেফ মার্কলি এবং পিটার ওয়েলচসহ বেশ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর সহকর্মীদের প্রতি এক চিঠিতে আহ্বান জানান, যেন যথাযথ বিতর্ক ছাড়া ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) সামনে নেওয়া না হয়। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘সিনেটের ডেমোক্র্যাট সদস্য হিসেবে আমাদের এমন কোনো ভোট দেওয়া উচিত নয়, যা ট্রাম্পকে নেতানিয়াহুর চরমপন্থী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে উৎসাহিত করবে।’

এক্সে প্রকাশিত এক ভিডিওতে সিনেটর ক্রিস ভ্যান বলেন, এই বিল পেন্টাগনের জন্য ‘অস্বাভাবিকভাবে বড়’ বাজেট অনুমোদনের পথ খুলে দেবে এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধের ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করবে না। তিনি আরও বলেন, বিলে ইসরায়েল-সংক্রান্ত এমন কিছু ধারা আছে, যেগুলো নিয়ে খুব কম আলোচনা হয়েছে এবং সেগুলো নীরবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ডেমোক্র্যাট সিনেটরদের এই অবস্থান দলের ভেতরে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েলের প্রতি দলের সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রয়টার্স/ইপসোস-এর এক জরিপ অনুযায়ী, ২০১৮ সালে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব ছিল ৫৯ শতাংশ, যা চলতি বছরের মে মাসে নেমে এসেছে ২২ শতাংশে।