গতকাল সকালের রোদঝলমলে আকাশের পর আজ বুধবার সকাল থেকেই মেঘলা হয়ে আছে আকাশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকালের দিকেই সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে লঘুচাপ সৃষ্টির পর আগামীকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা, যদিও গত সপ্তাহের মতো তাণ্ডবের আশঙ্কা নেই।
আজ সকাল আটটার দিকে মুক্তকণ্ঠকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, "আজ সকালেই আবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। সকাল ১০টার দিকে এটা হতে পারে।"
লঘুচাপ সৃষ্টি হলেই কি একনাগাড়ে বৃষ্টি হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সময় লাগে বৃষ্টি হতে। সে হিসাবে ধরলে আগামীকাল বা এর পর থেকে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ বেশি হবে না। গতবারের মতো হওয়ার সম্ভাবনা নেই।"
চলতি মাসের ৫ তারিখ থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব এবং সাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছিল। মূলত দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু হওয়া এই বৃষ্টি সিলেটসহ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১২ তারিখের মধ্যে চলতি মাসের মোট বৃষ্টির ৭৯ শতাংশ হয়ে গেছে।
রাজধানীর বর্তমান পরিস্থিতি নিয়ে ওমর ফারুক জানান, সকাল থেকেই আকাশ মেঘলা এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, "বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে বিকেলের দিকে। তবে তা ভারী হওয়ার সম্ভাবনা কম।"
নতুন করে বৃষ্টি শুরু হলে তা প্রথমে দক্ষিণাঞ্চলে হতে পারে এবং পরবর্তীতে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়বে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে ধারণা করা হচ্ছে। আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানেও বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় গতকাল দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, ফলে গরমের তীব্রতা বেড়েছে। গতকাল রাজধানীর তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, যা তার আগের দিন ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ তাপমাত্রা আর বাড়বে না।






