ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে ‘Advanced Certificate in Pharmaceutical Business Administration (ACPBA)’ শীর্ষক একটি এক্সিকিউটিভ প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন আইবিএর এসিপিবিএ–ACPBA প্রোগ্রামের মডারেটর অধ্যাপক মো. মহিউদ্দিন, আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এইচআর এম এ আরশাদ ভূঁইয়া। বক্তারা শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এই উদ্যোগ দেশের ফার্মাসিউটিক্যাল খাতের দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই সমঝোতা স্মারকের আওতায় আইবিএ প্রশিক্ষণ প্রোগ্রামটি পরিচালনা করবে। ওষুধশিল্পে নিয়োজিত কর্মকর্তাদের ব্যবসায় প্রশাসন, নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস বিষয়ে আধুনিক জ্ঞান প্রদান ও শিল্প খাতের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ পেশাগত সক্ষমতা উন্নয়নই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।

প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ব্যাচের মেয়াদ হবে প্রায় ৬ মাস, যেখানে মোট ৪০টি সেশনে প্রায় ১২০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। দুই বছর মেয়াদে পারস্পরিক আলোচনার ভিত্তিতে মোট ৪টি ব্যাচ পরিচালিত হবে এবং প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জন অংশগ্রহণকারী থাকবেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন আইবিএর শিক্ষকবৃন্দ এবং শিল্প খাতের অভিজ্ঞ জ্যেষ্ঠ নির্বাহীরা। লেকচার, কেস স্টাডি, গ্রুপ এক্সারসাইজ, কর্মশালা ও উপস্থাপনার মাধ্যমে এই প্রশিক্ষণ পরিচালিত হবে। কোর্সটি সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সনদ প্রদান করা হবে।