টানা বৃষ্টির ফলে স্যুয়ারেজ ও বর্ষার পানি মিশে রাজধানী ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সময় তিনি এই পরিস্থিতি বর্ণনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নিজের নির্বাচনী এলাকার বাস্তব চিত্র তুলে ধরে সংসদ সদস্য মো. সাইফুল আলম বলেন, "কয়েক দিন যাবৎ সারা দেশের মতো ঢাকা শহরে অতিবৃষ্টির পরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঢাকা-১২ আসনের সব জায়গায় জলাবদ্ধতার কারণে জনভোগান্তি হচ্ছে। এই পানিগুলো চরম নোংরা।"

স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকার জলাবদ্ধতার পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিনি বলেন, "ঢাকার জলাবদ্ধতার এত খারাপ অবস্থা, সংসদের পূর্ব ও পশ্চিম পাশেও জলবদ্ধবতা আছে। বিজয় সরণির ভিভিআইপি রোডেও বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা হয়।"