শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবনের অভিমুখে যাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধ শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাঁরা সংসদ ভবনের দিকে রওনা হন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে মিছিল করতে করতে সায়েন্সল্যাব থেকে মিরপুর সড়ক ধরে সংসদের দিকে এগিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি হলো—
১. "অনতিবিলম্বে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসংগতিপূর্ণ কথা–বার্তার জন্য ক্ষমা চাইতে হবে।"
২. "যারা ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি– সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে।"
৩. "আগামীকালের অর্থাৎ ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে, পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব হতে হবে।"

উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবের পাশাপাশি আরও চার জেলায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।