নতুন উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের সহযোগিতার জন্য সরকার পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, বর্তমানে কাজ করার সঠিক সময়। নতুন উদ্যোক্তাদের জন্য পথচলা অনেক কঠিন হলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে তা সম্ভব।
আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’
অনুষ্ঠানে তারেক রহমান উল্লেখ করেন যে, অনেক উদ্যোক্তা ইতিমধ্যে বেশ এগিয়ে গেছেন। তিনি বলেন, মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন এই উদ্যোক্তা। দেশের লাখোকোটি মানুষের এই উদ্যোক্তাদের প্রয়োজন। দেশের জন্য এই উদ্যোক্তাদের প্রয়োজন।
উক্ত অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ অনেক সফল উদ্যোক্তা উপস্থিত ছিলেন।






