রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি নিলামের মাধ্যমে ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে অনুষ্ঠিত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জানা গেছে, আজ ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলেরা পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। তাঁদের মধ্যে নিরঞ্জন কুমার হালদারের জালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পাঙাশটি ধরা পড়ে। এরপর সকাল সাড়ে সাতটার দিকে মাছটি দৌলতদিয়া ঘাট মাছবাজারের কেছমত হালদারের আড়তে নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, "প্রায় ২০ কেজি ওজনের পাঙাশটি নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় কেনেন তিনি। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ৫০ টাকা করে লাভ রেখে ৩৩ হাজার টাকায় বিক্রি করে দেন।"

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের মতে, বর্ষায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পদ্মা ও যমুনায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এই সুযোগে স্থানীয় জেলেদের পাশাপাশি মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের জেলেরা মাছ ধরার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।