টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রতিকূল পরিবেশের মধ্যে গত সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে রাজপথে নেমে এসেছেন একদল শিক্ষার্থী। এই দাবিতে তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ওই এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এবং বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীদের এই অবস্থানের ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’—এরকম নানা স্লোগান দিচ্ছিলেন।