জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার রাতে তিনি জানান, সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নেই—সরকারি দলের এমন অবস্থান থাকলে ২০২৬ সালেও নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষ্য, সংবিধান অনুযায়ী ২০২৬ সালে নির্বাচন হওয়ার কথা নয়; নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে।
শফিকুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দিতে বলেছেন এবং বিরোধী দলও একই ধরনের অবস্থান জানিয়েছে। তিনি বলেন, আগের সরকারি দলও প্রতিশ্রুতি দিয়েছিল, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জনগণের রায় বাস্তবায়ন করা হবে। তার বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় অনুসারে দুটি শপথ নেওয়ার কথা—একটি সংসদ সদস্যের শপথ, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের শপথ। তিনি আরও বলেন, বিরোধী দলের ৭৭ জন সংসদ সদস্য দুটি শপথ নিলেও সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
তিনি যুক্তি তুলে ধরে বলেন, ‘জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল (জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন)। জনগণ চেয়েছে, এ জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। কোনো সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায়ে একটি সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের জারি করা আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন গোশত হালাল আর ঝোল হারাম। একটা যদি হালাল হয়, আরেকটা হারাম হয় কীভাবে?’
জামায়াত আমির বলেন, ‘সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নেই, পালিয়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দলও নেই, সেটাও পালিয়ে গেছে। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন (আর) বলবেন, ৫১ ভাগ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো ৬৮ দশমিক ৬ পার্সেন্ট (শতাংশ) মানুষ যে গণভোটে “হ্যাঁ” বলেছে? ৫১ ভাগ বড় না ওইটা (৬৮ দশমিক ৬ ভাগ) বড়?’
জাতীয় নির্বাচনে সরকার গঠনের জন্য দেওয়া ৫১ ভাগ ভোট বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অনেক রিজার্ভেশন (আপত্তি) থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি। শান্তি–শৃঙ্খলার স্বার্থে, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, সেই স্বার্থে। তাহলে বেশির ভাগ জনগণের অভিপ্রায়কে আমরা অস্বীকার করব কীভাবে? আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না।’
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও রাজপথে লড়াইয়ের কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের লড়াই চলবে। আমরা বিশ্বাস করি, কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো বৃথা যায় না। সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে, ইনশা আল্লাহ।’
তিনি আরও বলেন, ‘১৮ কোটি মানুষের রায়, স্বার্থ, অধিকার উপেক্ষিত হবে আর বিরোধী দল বসে বসে সংসদের ভেতরে সমর্থন দিবে, সেই বিরোধী দল আমরা নই। ভালো কিছু হলে অবশ্যই সমর্থন দেব। কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। আজকের এই ওয়াকআউট তারই অংশ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘চুরানব্বই সালে আমরা অনুরোধ করেছিলাম কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার বাস্তবায়ন করার জন্য। তখনকার সরকার এটা আমলে নেয় নাই। আমরা আন্দোলন করেছি। সংসদের ভেতরে করেছি, বাইরে করেছি। শেষ পর্যন্ত ওই সরকার আরেকটা পার্লামেন্ট গঠন করে একটামাত্র বিল পাস করে বিদায় নিয়েছিল। সেই বিলটা ছিল কেয়ারটেকার সরকারের বিল।’
‘আমরা চাই না, পাঁচ বছর পরে সরকার এটা করুক। আমরা চাই, সরকার তাদের দেওয়া ওয়াদায় ফিরে আসুক। জনগণকে সম্মান করুক। অবিলম্বে তা বাস্তবায়ন করুক। জনগণ এখন যে একটা অস্বস্তির মধ্যে আছে, সরকারি দলেরই দায়িত্ব হচ্ছে জনগণকে অস্বস্তি থেকে মুক্তি দেওয়া। আমরা সেটাই তাদের কাছে চাই।’—এ কথাও বলেন তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সব সময় সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটের রায় মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। তবে সরকারি দল সংবিধান সংস্কার না করে সংশোধনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল বলে দাবি করে তিনি বলেন, আজকে সংসদে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে নৈতিক সমর্থন নেই বলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে।






