প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার পথে মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির সামনে ইটের টুকরা পড়ে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়ানো ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছে। তাঁকে বহন করা বাসটির সামনে ও পেছনে একাধিক গাড়ি রয়েছে। মহাসড়কের পাশে লোকজনের ভিড় দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, তারেক রহমান বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। একই সময় বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে একটি ইটের টুকরা পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি অনাকাঙ্ক্ষিত নাকি কেউ নিক্ষেপ করেছে—এসব দিক খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘বহরের গাড়িতে একটি ইটের টুকরা পড়েছে। সেটি টায়ার থেকে আসছে, নাকি কেউ নিক্ষেপ করেছে, বিষয়টি নিয়ে আমরা অ্যানালাইসিস (অনুসন্ধান) করছি। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। কী ঘটনা, সেটি আমরা তদন্ত করে দেখছি।’

প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার কিছু আগে তিনি গৌরনদীর বাটাজোরে পৌঁছান। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি সড়কপথে বরিশাল ত্যাগ করেন।