রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে রেদোয়ান নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ সোমবার বিকেল আনুমানিক তিনটার দিকে ওই মাদ্রাসার আটতলা ভবনের ষষ্ঠ তলায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পরিচয় পাওয়া গেছে— রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, "আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।"

মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান আকাশ ঘটনার বিবরণ দিয়ে বলেন, "আটতলা ভবনের ষষ্ঠ তলায় একটি বৈদ্যুতিক বোর্ডে শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং আগুন লাগে। ওই সময় কক্ষে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়। অন্য শিক্ষার্থীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। আহত ব্যক্তিরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।"

ঘটনার কারণ সম্পর্কে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার মুক্তকণ্ঠকে বলেন, "মাদ্রাসার পাশ দিয়ে বিদ্যুতের একটি হাইভোল্টেজ সংযোগ গেছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।"