সরকারি হাসপাতালগুলোর জনবলসংকট নিরসনে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ সোমবার জাতীয় সংসদে এই তথ্য জানান। নওগাঁ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর জন্য সরকারি হাসপাতালগুলোতে স্বল্প বা বিনা মূল্যে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ সরবরাহের ব্যবস্থা অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দেশের সব সরকারি হাসপাতালের শূন্য পদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
চিকিৎসকদের পদোন্নতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত ও বৈষম্যের শিকার চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম শুরু করেছে।"
তিনি আরও জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পদোন্নতির ভিত্তিতে সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্টের শূন্য পদে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের কার্যক্রম চলমান রয়েছে, যা খুব শিগগির সম্পন্ন হবে।
শূন্য পদে জনবল নিয়োগের চলমান প্রক্রিয়ার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন। এছাড়া সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।