যশোরের বাঘারপাড়া উপজেলায় পুলিশ ক্যাম্পের সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে যুবদলের এক নেতাকে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
নিহত রুবেল হোসেন (৩৮) উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক। তিনি উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের মোনতাজ ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রুবেল কাভার্ড ভ্যান চালিয়ে খাজুরায় আসেন। যশোর–মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরা তেলপাম্পে ভ্যানটি রেখে তিনি পাশের একটি বাড়িতে যান। সেখান থেকে হেঁটে পুনরায় তেলপাম্পের দিকে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে তাঁর পথ রোধ করেন একই গ্রামের রাব্বি (২৫) ও আরও তিন-চারজন। রাব্বি রুবেলের বোনের দেবর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কথা-কাটাকাটির একপর্যায়ে রাব্বি ছুরি দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এরপরই অভিযুক্ত রাব্বি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
"স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করেন। পরে দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।"
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, "হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক। তাঁকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।"