জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে (৫২) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুদ্দোহা সুমন বলেন, "সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মন্ডল।"
রাষ্ট্রপক্ষের যুক্তির পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করেন। তবে আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন এবং সেলিম প্রধানের জামিনের আবেদন জানান। আদালত জামিনের সেই আবেদন নামঞ্জুর করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে গুলশান থানার নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মো. তৌহিদ মিয়া গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তিনি বাদী হয়ে ২০২৫ সালে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয়ের আসামি ১০০ থেকে ২০০ জন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে অন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া সেলিম প্রধান তখন থেকেই কারাগারে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে আরও বিভিন্ন মামলা রয়েছে।