বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার জায়গা পাওয়ার পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। টুর্নামেন্টে দায়িত্ব পালন করা দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচ তো বটেই, ১৯ জুলাই ফাইনালেও তাঁদের রেফারি হিসেবে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ, ফাইনালে এই দুই দলের যেকোনো এক দল মুখোমুখি হবে স্পেন কিংবা ফ্রান্সের।

ফিফার নিয়ম অনুযায়ী, সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে কোনো রেফারিই নিজের দেশের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না। এই নিয়মের কারণে সেমিফাইনালে ম্যাচ পরিচালনা করতে পারছেন না অ্যান্টনি টেলর ও মাইকেল অলিভার। উল্লেখ্য, ইংল্যান্ডের রেফারি হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার ক্ষেত্রে হাওয়ার্ড ওয়েবের রেকর্ডটি এবার অলিভার ভেঙেছেন। তবে কেবল জাতীয়তা নয়, আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাস এবং ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের রেশ ধরে আর্জেন্টিনার কোনো ম্যাচেও এই দুই ইংলিশ রেফারিকে দায়িত্ব দেওয়া হবে না। ফলে আটলান্টায় ইংল্যান্ড হেরে গেলেও ফাইনালে বাঁশি বাজানোর সুযোগ থাকছে না তাঁদের।

ইএসপিএনকে সূত্রগুলো জানিয়েছে, "রেফারি নিয়োগ ও সম্ভাব্য রাজনৈতিক সংবেদনশীলতার বিষয়গুলো ম্যাচ ধরে ধরে বিবেচনা করা হয়।"

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী সম্পর্কের বিষয়টি এখানে বিবেচনার বিষয়। শেষ ষোলোর ম্যাচে মিসরকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মুচাচোস’ গান গাওয়ার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ব্রিটিশ-শাসিত অঞ্চলের (ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ) প্রসঙ্গ উঠে এসেছে। দক্ষিণ আটলান্টিকের দুটি ব্রিটিশ-শাসিত অঞ্চল নিয়ে ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত চলে ফকল্যান্ডস যুদ্ধ, যাতে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ৯০৭ জন প্রাণ হারিয়েছিলেন।

ইংলিশ রেফারিদের দায়িত্ব না দেওয়ার এই নীতি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও কার্যকর ছিল। সেই কারণে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনালে রেফারি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন অ্যান্টনি টেলর। ইএসপিএনকে সূত্রগুলো জানিয়েছে, "ফাইনালে ফ্রান্সের মুখোমুখি যদি ক্রোয়েশিয়া হতো, তবে সেই মর্যাদাপূর্ণ ম্যাচের দায়িত্ব পাওয়ার জোরাল সম্ভাবনা ছিল টেইলরের।"

অন্যদিকে, ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের দুয়ার বন্ধ হয়ে গেছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার কিংবা তেল্লোর কেউই বাঁশি বাজানোর সুযোগ পাবেন না। এদিকে স্পেন ও ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে ফিফা।