আলেকসান্দার জভেরেভকে পরাজিত করে আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনার। ফাইনালে ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/২), ৬-৩, ৬-৪ গেমে জার্মান তারকাকে হারিয়ে শিরোপা ধরে রাখেন ইতালিয়ান এই শীর্ষ বাছাই। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন সিনার।
জভেরেভের বিপক্ষে এই জয়ের ফলে টানা ১০ ম্যাচে জয় ধরে রাখলেন সিনার। এই অর্জনের ফলে টেনিসের এক অভিজাত তালিকায় নাম লেখালেন তিনি। পেশাদার বা উন্মুক্ত যুগে উইম্বলডন শিরোপা ধরে রাখা দশম পুরুষ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন এই ইতালিয়ান তারকা।
উষ্ণ ও ঝোড়ো আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত এই ফাইনালের প্রথম সেটটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। প্রথম ১২টি গেমে সমানে সমান লড়াই করেন দুই খেলোয়াড়। তবে টাইব্রেকারের শেষ মুহূর্তে শক্তিশালী ফোরহ্যান্ড উইনারের মাধ্যমে সেটটি জিতে নেন জভেরেভ। সেট জয়ের পর কোর্টেই চিৎকার করে এবং হাঁটু গেড়ে বসে বুনো উল্লাসে মাতেন এই জার্মান তারকা।
দ্বিতীয় সেটেও তুমুল লড়াই চলে, তবে টাইব্রেকারে জয়ী হয়ে ম্যাচে ফিরে আসেন সিনার। তৃতীয় সেটটি সহজেই নিজের করে নেন তিনি। চতুর্থ সেটে জভেরেভের খেলার ধার কমতে শুরু করলে ব্রেক পয়েন্টের সুযোগ নিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান সিনার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দারুণ কিছু শটের মাধ্যমে জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এই তারকা। জয়ের পরপরই সেন্টার কোর্টের ঘাসে লুটিয়ে পড়েন সিনার।