সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। আজ রোববার বিকেলে প্রয়াত স্পিকারের স্মরণে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের আংশিক কার্যসূচি স্থগিত করা হয়।
দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী শুরুতে প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয় এবং একটি বিলের ওপর স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর জমির উদ্দিন সরকারের জীবন ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা চলে। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর দিনের বাকি কার্যসূচি স্থগিত করা হয়।
প্রয়াত স্পিকারের সঙ্গে স্মৃতিচারণ করে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন তাঁর পরম আত্মীয়। নিজের মেধার জোরে তিনি বড় হয়েছেন এবং নিজ এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন নিয়ে মির্জা ফখরুল জানান, ছাত্রজীবনে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ও নীতির প্রতি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং পরে বিএনপিতে যোগ দেন। উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তিনি ছিলেন অবিচল। মির্জা ফখরুল বলেন, ‘আমাকে সব সময় একটা কথা বলতেন, ইলেকশন করবে। ইলেকশনের মধ্য দিয়ে যাবে। ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না।’
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে জমির উদ্দিন সরকার অত্যন্ত সফল ছিলেন। ফ্যাসিবাদী আমলে মানুষ তাঁর দ্বারস্থ হতেন এবং তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার পাশাপাশি মজলুম নেতাদের পক্ষে বারবার আদালতে লড়াই করেছেন।
এই আলোচনায় আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মাহবুব উদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান এবং এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।
আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি।’
স্পিকার আরও উল্লেখ করেন, তিনি কয়েকটি সংসদে জমির উদ্দিন সরকারের সহকর্মী ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করতেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পরিশেষে তিনি বলেন, জাতি এক মহান সন্তানকে হারাল।