বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার (১১ জুলাই, ২০২৬) নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, স্থানীয় বাঙালি এবং অবাংলাভাষী সংস্কৃতিপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনাকে সমুন্নত রাখার প্রচেষ্টায় এই আয়োজনটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুই কবিই নন, তাঁরা আমাদের জাতীয় আত্মার প্রতীক। তাঁদের সাহিত্য, সংগীত ও চেতনা আমাদের ঐতিহ্য ও মানবতার পথপ্রদর্শক।’
সাংস্কৃতিক এই আয়োজনে সিঙ্গাপুরের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত। এছাড়া আবৃত্তি সংগঠন ‘কহন’-এর পরিবেশনায় কবিতা পাঠ এবং রবীন্দ্র ও নজরুল রচনার ওপর ভিত্তি করে বিশেষ নৃত্য পরিবেশনা করা হয়। পাশাপাশি এসবিএস–সিএফএর (SBS-CFA–Center for Arts) শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছে। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করেন সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা রহমান টিনা। মাযারুল আবেদীন ও তৌহিদা রহমান টিনার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।






