নারীবিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। গতকাল শনিবার মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী চিকিৎসক শরীফা করিম স্বর্ণা। প্রতিনিধিদলে আরও রয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব মো. মাহমুদুল হক। আগামী ১২-১৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নিতে তাঁরা সেখানে অবস্থান করবেন।
ইসলামাবাদে পৌঁছে মন্ত্রী ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে স্বাগত জানালে তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।






