চট্টগ্রামের সাতকানিয়ায় একটি দিঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বন্যার পানিতে ভেসে এসে মরদেহটি এখানে অবস্থান করছিল।

পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দিঘিটি বেশ কয়েক দিন ধরে বন্যার পানিতে তলিয়ে ছিল। পানি নামার পর গতকাল সন্ধ্যায় এলাকাবাসী দিঘিতে একটি মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানালে রাতে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. পেয়ারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "মৃত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না। বেশ কয়েক দিন আগে মারা যাওয়ায় লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে লাশটি ভেসে এসেছে।"

তিনি আরও জানান, "ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"