রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামের এক পোশাক কারখানার কর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবু রায়হান আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, "সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় রেললাইন পার হচ্ছিলেন রাকিবুল ইসলাম। সম্ভবত অসতর্ক ছিলেন। ওই সময় বিমানবন্দর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।"

আবু রায়হান আরও জানান, "স্থানীয় লোকজন আহত রাকিবুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকেরা রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।"

মৃত রাকিবুলের বাড়ি ভোলার দৌলতখানের চর খলিফায়। তাঁর বাবা মফিজুল ইসলাম পেশায় একজন প্রাইভেট কার চালক। পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকায় থাকতেন রাকিবুল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

রাকিবুলের পরিবার সম্পর্কে আবু রায়হান বলেন, "রাকিবুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, রাকিবুল অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। গতকাল শনিবার থেকে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরিও শুরু করেছিলেন। আজ ছিল তাঁর চাকরির দ্বিতীয় দিন। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।"

অন্যদিকে, রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (৩৫) নামের এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

ইউসুফের ভাতিজা মেহেদী জানান, তাঁর চাচা ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। রাতে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে অটোরিকশা রেখে মেরামতের ব্যবস্থা করার সময় অন্য একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ইউসুফ জামালপুরের বকশীগঞ্জের ইদ্রিস আলীর ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার রসুলপুর ২ নম্বর গলিতে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, "দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।"