আর্জেন্টিনার সমর্থক অভিনেত্রী নাদিয়া আহমেদ কয়েকবারই আর্জেন্টিনার ম্যাচ গ্যালারিতে বসে দেখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। প্রথমবার আর্জেন্টিনার প্রথম ম্যাচ গ্যালারিতে বসে দেখার পর তিনি একাধিক ছবি পোস্ট করেন। এরপর থেকে আর্জেন্টিনার খেলা হলে গ্যালারিতে ফ্রেমবন্দী হওয়া ছবি নিয়মিতভাবেই ফেসবুকে শেয়ার করেন নাদিয়া—এ ছবি ঘিরেই তৈরি হচ্ছে নানা শিরোনাম। ভক্তদের প্রশ্ন, আর্জেন্টিনার সব ম্যাচই কি গ্যালারি থেকে দেখছেন নাদিয়ারা?

পোস্ট করা বেশির ভাগ ছবিতে নাদিয়ার সঙ্গে তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈমকে দেখা গেছে। এসব ছবি নিয়ে খবরও হয় তাদের নিয়ে। কেউ লিখেছেন, ‘আবার সরাসরি খেলা দেখলেন নাদিয়া দম্পতি’, আবার কেউ লিখেছেন, ‘গ্যালারিতে মেসিদের জয় উদ্‌যাপন দেখলেন নাদিয়া’। এই অভিনেত্রী জানান, অনেকেই তাঁর সঙ্গে কথা না বলেই খবর প্রকাশ করেছেন।

নাদিয়া জানান, তিনি সরাসরি সব কটি খেলা দেখেননি। এমনকি আজ আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের খেলাও দেখেননি। তিনি বলেন, আগের ছবি পোস্ট করেছেন বলে অনেকেই ধরে নিয়েছেন খেলা দেখা হয়েছে। নাদিয়া বলেন, ‘আগের মতো আজও অনেকেই মনে করেছেন খেলা দেখেছি। এ নিয়ে কেউ কথাও বলেনি আমাদের সঙ্গে, যারা লিখছে লিখুক। তবে আজ আমরা না দেখলেও আমার বোন ও তার জামাই খেলা দেখতে গিয়েছিল।’

বাংলাদেশ বলার পরে আর্জেন্টিনার সমর্থকেরা সঙ্গে সঙ্গে চিনেছে এবং বলেছে, ‘তোমরা আমাদের বন্ধু’।

এর আগে মিসরের সঙ্গে খেলা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ শেষেও ছবি পোস্ট করেছিলেন নাদিয়া ও এফ এস নাঈম। সেবারও অনলাইনে খবর হয় যে তাঁরা সরাসরি খেলা দেখেছেন। তবে সে সময় নাদিয়া বলেছিলেন, ‘আমরা মিসরের সঙ্গে খেলাটি সরাসরি দেখিনি। কিন্তু অনেকেই দেখি নিউজ করেছেন আমরা খেলা দেখেছি। আসলে খেলা দেখার ইচ্ছা থাকলেও টিকিট পাওয়া কঠিন।’

পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হবে। খেলাগুলো সরাসরি দেখবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে নাদিয়া বলেন, ‘আমাদের টিকিট করা নেই। টিকিট পাওয়া কঠিন। হয়তো আর সরাসরি খেলা দেখা হবে না।’ এই অভিনয়শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।