নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার সকালে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে আবুল হোসেন নিখোঁজ ছিলেন। আজ সকালে তাঁর বাড়ি থেকে আনুমানিক ৫০ গজ দূরে সড়কের পাশে একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "শুক্রবার আবুল হোসেনদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। এরই মধ্যেই রাতে আবুল হোসেন নিখোঁজ হন। শনিবার রাতে বিষয়টি মৌখিকভাবে তাঁর পরিবার থেকে থানায় জানানো হয়।"
ওসি মোহাম্মদ শামসুজ্জামান আরও জানান, সুরতহাল প্রতিবেদনে ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই যুবক মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, "কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।"






