জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার ইরানে নতুন দফায় মার্কিন হামলা শুরু হওয়ার পর তেহরান এই পাল্টা পদক্ষেপের দাবি করেছে। একই দিনে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের হামলায় জর্ডানের ওই বিমানঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখার জন্য নির্ধারিত হ্যাঙ্গারগুলো ধ্বংস করা হয়েছে। এছাড়া অপর এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই হামলায় বিমানঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।
তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তারা কার্যকরভাবে প্রতিহত করছে এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হচ্ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার শব্দ।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানোর কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে আরও বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে তারা কুয়েতে মার্কিন বাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, একটি গোলাবারুদের গুদাম ও একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই বিবৃতিতে জানানো হয়, বাহরাইনে মার্কিন বাহিনীর একটি যোগাযোগব্যবস্থা ও একটি রাডার স্থাপনা ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
তেহরান জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এসব পাল্টা হামলা চালানো হয়েছে।






