আর্থিক খাতের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নিজেদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ব্যাংক এশিয়া। গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির উদ্বোধন করা হয়। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হোসেন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা সদস্যদের সঙ্গে নিয়ে নতুন এই অ্যাপটি উন্মোচন করেন।
ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য আরও দ্রুত, সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আগের ‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ নামে পরিচিত প্ল্যাটফর্মটিকে অত্যাধুনিক ফিচার সংযোজন করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ‘ব্যাংক এশিয়া জেন’ নামে পুনঃ ব্র্যান্ডিং করা হয়েছে।






