রাজধানী ঢাকা গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বৃষ্টির কবলে রয়েছে। ভোরের দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে সকাল সাতটা পর্যন্ত অঝোরে পানি পড়েছে।
এতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে। সকাল সাড়ে ৬টার দিকে গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে হাঁটু ও কোমরসমান পানি দেখা গেছে।
শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানিয়েছেন, "বৃষ্টিতে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩, এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে।" তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।" পরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আজকের পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। কর্তৃপক্ষ পরে শেওড়াপাড়া শাখা তিন এর সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
সকালে কারওয়ান বাজারে কর্মস্থলে আসার পথে বিপত্তিতে পড়েন সাংবাদিক অনিন্দ্য সাইমুম। তিনি জানান, "সাড়ে ৬টার দিকে আদাবর থেকে রওনা দিই। মোহাম্মদপুর থানার সামনে, ধানমন্ডি ২৭ নম্বর, ৩২ এর পেছনে রাস্তায় প্রায় হাঁটুপানি জমে যায়।" তিনি বলেন, "এই পানি পার হয়ে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে এসেছি।"
কলাবাগান থেকে কর্মস্থল কারওয়ান বাজারে আসার পথে ভোগান্তিতে পড়েন আরেক সংবাদকর্মী জিনিয়া চৌধুরী। পৌনে সাতটার দিকে তিনি গ্রিনরোড, পান্থপথের রাস্তায় হাঁটুপানি জমে থাকতে দেখেছেন। তিনি জানান, "কলাবাগানের ভেতরের রাস্তাগুলোতেও হাঁটুপানি জমেছে। এসব রাস্তায় সাধারণত পানি জমে না।"
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, "রাজধানীতে সর্বশেষ ছয় ঘন্টায় অর্থাৎ গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টির রাজধানীতে এই সময়ে হয়নি।"