রাজধানীর বাংলামোটর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ থানা-পুলিশ এই মরদেহটি উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে বাংলামোটর এলাকার পরিত্যক্ত বাড়িটি থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ৯৯৯–এ ফোন করেন।"

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহিদুল ইসলাম আরও জানান, "আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।"