বগুড়া মহানগর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরের লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ (৩৫) লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাকা ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে সহযোগীদের সঙ্গে আরিফ শেখের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতকরা। রাত একটার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তবে ভিন্ন দাবি করেছেন নিহত আরিফের বোন রুমি শেখ। তার দাবি, বাদল নামের একজনের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয় এবং ভাড়াটে খুনি দিয়ে আরিফকে হত্যা করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী হত্যাকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "হত্যাকাণ্ডের কারণ এখনো অজানা। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।"






