টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। এর ফলে দুই পার্বত্য জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেতুটি ধসে পড়ার পর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এলাকাবাসী ও সড়ক বিভাগ জানায়, গতকাল রাত থেকে ওই এলাকায় পাহাড়ি ঢলের তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল। পানির চাপে সেখানকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। একপর্যায়ে পানির প্রবল তোড়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে। গুরুত্বপূর্ণ এই সেতুটি ভেঙে যাওয়ায় কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারীসহ জরুরি প্রয়োজনে চলাচলরত সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।
ভৌগোলিকভাবে সেতুটি রাঙ্গুনিয়া উপজেলায় হলেও এটি বান্দরবান সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন। এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন আজ বেলা পৌনে একটার দিকে মুক্তকণ্ঠকে বলেন, ‘বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানিতে ডুবে থাকার কারণে আমাদের টিম এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। পানি কমলে দ্রুত বেইলি সেতু সংযোগ দিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।’
তবে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।






