অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের একটি শান্ত উপকূলীয় সৈকতে ভেসে এসেছে রহস্যময় কিছু ধাতব গোলক। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত এই বস্তুগুলো মূলত মহাকাশ থেকে ছিটকে পড়া ধ্বংসাবশেষ। তবে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মেল ব্রুকসের ক্ল্যাসিক কমেডি ‘স্পেসবলস’-এর সঙ্গে এর কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি জানায়, ফরেস্ট বিচ এলাকায় এই রহস্যময় ধাতব গোলকগুলোর সন্ধান পাওয়া গেছে। পরবর্তীতে সংস্থাটি নিশ্চিত করে যে, অজ্ঞাত এই বস্তুগুলো আসলে মহাকাশযানের অংশ। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পৃথিবীর কক্ষপথ থেকে বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করা কোনো রকেটের ধ্বংসাবশেষ এগুলো।

বস্তুগুলোর প্রকৃতি ব্যাখ্যা করে সংস্থাটি বলেছে, “উদ্ধার করা বস্তুগুলো দেখে মনে হচ্ছে, এগুলো একটি মহাকাশ উৎক্ষেপণ যানের প্রেশার ভেসেল।”

ঘটনার পর কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ সৈকতের একটি অংশ ঘিরে ফেলে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বস্তুগুলো পরীক্ষা ও উদ্ধার করতে পারে, সেজন্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানানো হয়েছে, বস্তুগুলো জনসাধারণের জন্য বিপজ্জনক নয়।

মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহের অংশ পৃথিবীতে ছিটকে পড়ার ঘটনা অস্বাভাবিক হলেও এটি নতুন কিছু নয়। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, মহাকাশ অভিযান শেষে বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুরোপুরি পুড়ে না যাওয়া বিভিন্ন অংশ পৃথিবীতে আছড়ে পড়তে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় এ ধরনের ধ্বংসাবশেষ পাওয়ার এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০২৩ সালেও দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি বড় ধাতব বস্তু পাওয়া গিয়েছিল।

এএসএ জানিয়েছে, মহাকাশ থেকে ফিরে আসা বস্তুর অবতরণস্থল সাধারণত আগে থেকেই নির্ধারিত থাকে এবং সেগুলো জনবিরল এলাকা বা সমুদ্রে ফেলা হয়। তবে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণহীনভাবে বায়ুমণ্ডলে প্রবেশের কারণে ধ্বংসাবশেষ কোথায় পড়বে তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সংস্থাটি জানায়, বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর টিকে থাকা ধ্বংসাবশেষ সাধারণত নির্ধারিত এলাকাতেই পড়ে, তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এগুলো সাধারণ মানুষের নজরে এসেছে।

উদ্ধারকৃত ধ্বংসাবশেষগুলো কোন দেশের বা কোন উৎক্ষেপণ যানের, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বস্তু দেখলে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কতা জারি করে সংস্থাটি এক্সে লিখেছে, “কোনো বস্তুকে মহাকাশের ধ্বংসাবশেষ বলে সন্দেহ হলে তা স্পর্শ করবেন না, সরাবেন না বা নিজে উদ্ধার করার চেষ্টা করবেন না। কর্তৃপক্ষ কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত এগুলো বিপজ্জনক মনে করুন। সেখান থেকে দূরে সরে যান এবং জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করুন।”