যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে যখন ফায়ার সার্ভিসের সদস্যরা হাড়ভাঙা খাটুনি আর আগুনের উত্তাপে ক্লান্ত, তখন তাঁদের উৎসাহ দিতে হাজির হলো এক অপ্রত্যাশিত সঙ্গী। কোনো মানুষ নয়, বরং ‘গোল্ডি’ নামের একটি ছাগল দীর্ঘ সময় ধরে অগ্নিনির্বাপক কর্মীদের অনুসরণ করে তাঁদের মানসিক শক্তি জুগিয়েছে।

চার বছর বয়সী নাইজেরিয়ান ডোয়ার্ফ জাতের এই ছাগলটির পুরো নাম গোল্ডেন ওরিও। বাদামি-সাদা রঙের এই প্রাণীটি কলোরাডো স্প্রিংসের রক ক্রিক এলাকায় দাবানল নেভানোর সময় কর্মীদের পিছু পিছু ঘুরে বেড়ায়। এমনকি আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ঝোপঝাড়ের পাতা খেয়েও সে পরোক্ষভাবে সাহায্য করেছে।

কলোরাডো স্প্রিংস ফায়ার ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট ট্রেভর লেল্যান্ড বলেন, ‘আগুন নেভানোর কাজে সে সরাসরি খুব একটা সাহায্য করেনি। তবে আমাদের উপস্থিতিতে কোনো ভয় না পেয়ে এভাবে পাশে থাকা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা।’

লেল্যান্ড আরও জানান, গোল্ডি কখনো কর্মীদের আগে আগে পাহাড় বেয়ে নেমেছে, আবার কখনো তাঁদের ট্রাকের পেছনে দৌড়েছে। কাজ শেষে সরঞ্জাম গুছিয়ে ফেরার সময়ও সে পাশেই ছিল। এর আগেও এক কর্মীর দুপুরের খাবারে ভাগ বসানোর চেষ্টা করে নিজের মিশুক স্বভাবের পরিচয় দিয়েছিল গোল্ডি।

গোল্ডির মালিক লিন্ডসি গ্লেডার বলেন, তাঁর ছাগলটি অত্যন্ত বন্ধুবৎসল। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা টানা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনছিলেন। গোল্ডি হয়তো ভেবেছিল, তাঁদের একটু বাড়তি মানসিক সমর্থন দরকার। তাই সে তাঁদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। গ্লেডারের ভাষায়, গোল্ডি ফায়ার সার্ভিসের কর্মীদের কঠিন কাজের ফাঁকে কিছুটা হাসি ও স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে। যাঁরা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলস কাজ করছেন, তাঁদের জন্য সেটিও কম গুরুত্বপূর্ণ নয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে একের পর এক দাবানলের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের চরম ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে।