তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধবিমান ‘কান’-এর জন্য এফ–১১০ ইঞ্জিন বিক্রির মার্কিন প্রশাসনের প্রস্তাবটি কংগ্রেসের একটি বড় বাধা অতিক্রম করেছে। নির্ধারিত ১৫ দিনের পর্যালোচনা সময়কালে কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তাবের কোনো বিরোধিতা না আসায় এখন বিক্রির প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছে।
গত ২৪ জুন মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে বিদেশে সামরিক সরঞ্জাম বিক্রির এই প্রস্তাবটি জানায়। নিয়ম অনুযায়ী, ন্যাটো মিত্রদের জন্য প্রযোজ্য ১৫ দিনের পর্যালোচনা সময়কালে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের ৯ জন সদস্য এই বিক্রি স্থগিত করার জন্য একটি যৌথ প্রস্তাব উত্থাপন করেছিলেন। উক্ত প্রস্তাবে তুরস্কের কাছে নির্দিষ্ট কিছু প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির পরিকল্পনা আটকে দেওয়ার আহ্বান জানানো হয়।
তবে পর্যালোচনার সময়সীমা শেষ হওয়ার আগে প্রস্তাবটি কোনো কক্ষেই ভোটের জন্য তোলা হয়নি। ফলে ৯ জুলাই নির্ধারিত সময় শেষ হওয়ার পর কংগ্রেসের কোনো বাধা ছাড়াই এফ–১১০ ইঞ্জিন বিক্রির প্রক্রিয়াটি শুরু হয়। পরবর্তী ধাপে মার্কিন প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান এবং তুরস্কের কর্তৃপক্ষের মধ্যে কারিগরি ও বাণিজ্যিক দিকগুলো নিয়ে আলোচনা চলবে। ধারণা করা হচ্ছে, এই আলোচনায় ইঞ্জিন সরবরাহের সময়সূচি, যুদ্ধবিমানের সঙ্গে ইঞ্জিন যুক্ত করা, পরীক্ষা-নিরীক্ষা এবং সনদ দেওয়ার কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
জানা গেছে, কান যুদ্ধবিমানে এফ১১০-জিই-১২৯ই/এফ মডেলের ইঞ্জিন ব্যবহার করা হবে। চুক্তির আওতায় ইঞ্জিন যুক্ত করা, সংযোজন, বাইরের কাঠামোগত পরিবর্তন, সনদ প্রদান ও পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রতিরক্ষা সেবা এবং কারিগরি তথ্য হস্তান্তরের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। জেনারেল ইলেকট্রিকের তৈরি এই ইঞ্জিনগুলো তুরস্কের পঞ্চম প্রজন্মের প্রযুক্তিসম্পন্ন বলে দাবি করা ‘কান’ যুদ্ধবিমানে ব্যবহৃত হবে।
গত ৭ জুলাই আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। সেখানে তিনি বলেন, "ওয়াশিংটন তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।"
এরই ধারাবাহিকতায় ইঞ্জিন বিক্রির এই অগ্রগতি দেখা গেল, যা ন্যাটো জোটের এই দুই মিত্রের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হতে পারে। গত সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, "ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে ৭৫ কোটি মার্কিন ডলার মূল্যের এফ–১১০ জেট ইঞ্জিন বিক্রির প্রস্তাব নিয়ে এগোবে বলে আশা করা হচ্ছে।"
উল্লেখ্য, নেভাদা অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক দলের প্রতিনিধি দিনা টাইটাস ইঞ্জিন বিক্রি বন্ধের যৌথ প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, যাকে আরও আটজন ডেমোক্র্যাট সদস্য সমর্থন জানান। প্রস্তাব সইকারী আইনপ্রণেতাদের মধ্যে ব্র্যাড শারম্যান, দিনা টাইটাস, ক্রিস প্যাপাস ও জিম ম্যাকগভার্ন আগে থেকেই তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির মতো প্রতিরক্ষা রপ্তানিতে আপত্তি জানিয়েছিলেন। এছাড়া জিম কস্টা, জশ গটহেইমার, মাইক কুইগলি ও জর্জ ল্যাটিমারের মতো আইনপ্রণেতারাও এই প্রস্তাব সমর্থন করেছিলেন, যাঁদের নির্বাচনী এলাকায় আর্মেনীয়, গ্রিক ও ইসরায়েলি প্রবাসীদের ব্যাপক প্রভাব রয়েছে।






