আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সফরের আগে মুঠোফোনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা চলাকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আলাপকালে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর এই শুভেচ্ছাবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম বরিশাল সফরের কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "এটি বরিশালবাসীর জন্য আনন্দ ও গৌরবের একটি মুহূর্ত। বিএনপির রাজনীতি গণমানুষের কল্যাণ ও উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। দলের প্রত্যেক নেতা-কর্মীকে জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই রাজনীতি করতে হবে।"

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও মানুষের জীবন-জীবিকার বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন।" তিনি উল্লেখ করেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক কর্মসূচি, গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন।

সফরের সার্বিক প্রস্তুতি পর্যালোচনে শুক্রবার সারাদিন বরিশাল ও তাঁর নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি জেলা ও বিভাগীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী সফরকালে যে স্থানে বৃক্ষরোপণ করবেন, সেই স্থানটিও পরিদর্শন করেন তথ্যমন্ত্রী।

দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বেলা তিনটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।