উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তরুণ তাহসীন ইসলাম (১৯) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা এ বি সিদ্দিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, তাহসীন ইসলামকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বেলা ৩টা ৫০ মিনিটে তাকে পুলিশি নিরাপত্তার মধ্যে কাঠগড়ায় হাজির করা হয় এবং বিকেল সোয়া চারটায় শুনানি শুরু হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, "ফাতাহ কমব্যাট সংগঠনে জড়িত ব্যক্তিদের সম্পর্কে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।"

আদালত আসামির কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে তাহসীন বলেন, ‘আমি নির্দোষ। আমার আর কিছু বলার নেই।’ বিচারক জানতে চান, ‘আপনার কোনো আইনজীবী আছে কি?’ তাহসীন উত্তর দেন, ‘না।’

শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাহসীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাহসীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে। অভিযানের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, মূলত ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও আছে। তিনি এফসিএসর সদস্য বলে স্বীকার করেছেন। তাঁকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।