গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নতুন একটি ফিচার ‘ভিডিও রিমিক্স’। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ফটোজে সংরক্ষিত যেকোনো ভিডিওর আলো, পটভূমি এবং দৃশ্যের উপস্থাপনায় খুব সহজেই পরিবর্তন আনতে পারবেন। ফলে আলাদা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের সাহায্য ছাড়াই ভিডিওতে নতুন রূপ দেওয়া সম্ভব হবে।
একটি ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, এই ভিডিও রিমিক্স ফিচারটি গুগলের অত্যাধুনিক এআই মডেল ‘জেমিনি ওমনি’র সহায়তায় তৈরি করা হয়েছে। সম্প্রতি উন্মোচিত এই মডেলটি বিভিন্ন ধরনের ইনপুট বিশ্লেষণ করে নতুন কনটেন্ট বা আধেয় তৈরি করতে সক্ষম। গুগলের বিভিন্ন সেবায় জেনারেটিভ এআই প্রযুক্তির পরিধি বাড়ানোর লক্ষ্যেই গুগল ফটোজে এই নতুন সুবিধাটি যুক্ত করা হচ্ছে।
ব্যবহারকারীরা গুগল ফটোজের ‘ক্রিয়েট’ ট্যাব থেকে এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। গুগলের দাবি, এখন থেকে আকর্ষণীয় ভিডিও তৈরির জন্য আর পেশাদার দক্ষতা বা দীর্ঘ সময় ধরে সম্পাদনা করার প্রয়োজন হবে না। ভিডিও রিমিক্সের মাধ্যমে সাধারণ মানের ভিডিওকেও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার উপযোগী করে তোলা যাবে।
গুগল আরও জানিয়েছে, ভিডিও রিমিক্স সুবিধাটি পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে বসবাসকারী গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা সেবা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।






