লক্ষ্মীপুরের মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে প্রথমবারের মতো স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে গত ৫ জুলাই রোববার বেদে সম্প্রদায়ের ২৪০ জন শিক্ষার্থীকে এই পোশাক প্রদান করা হয়। নতুন স্কুল ড্রেস হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
পোশাক বিতরণের গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের শিক্ষার্থী আরিফ হোসেন। তিনি লিখেছেন, ‘আজকের এই ছবিগুলো দেখে সত্যিই অনেক আবেগ কাজ করছে। আমি আজ গর্বিত, কারণ আমি ছিলাম মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী। ছোট্ট একটি স্বপ্ন নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, আজ সেই প্রতিষ্ঠান মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা নামে আরও এগিয়ে যাচ্ছে। শিশুদের মুখে নতুন স্কুল ড্রেসের হাসি দেখে মনে হচ্ছে, আমাদের সেই ছোট্ট স্বপ্ন আজ আরও বড় হয়ে উঠছে।’
মুক্তকণ্ঠ ট্রাস্টের এই উদ্যোগের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘আজ মুক্তকণ্ঠ ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও টাই উপহার দেওয়া হয়েছে। এটি শুধু একটি উপহার নয়; এটি তাদের আত্মবিশ্বাস, মর্যাদা এবং সুন্দর ভবিষ্যতের প্রতি একটি অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, শিক্ষা মানুষকে বদলে দেয়। আর এই পাঠশালা শুধু পড়াশোনা নয়, অসংখ্য ধীবর (জেলে) পরিবারের সন্তানদের নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, মেঘনাপাড় ট্রাস্ট, মুক্তকণ্ঠ ট্রাস্ট এবং এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সকল মানুষকে। একজন প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আমার প্রার্থনা—এই আলোর পথচলা আরও বহুদূর এগিয়ে যাবে। একদিন এই ছোট্ট উদ্যোগই হাজারো শিশুর জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’
বেদে সম্প্রদায়ের সন্তান আরিফ হোসেন তিন ভাইয়ের মধ্যে বড়। তিনি এই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর ডা. আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি একটি দোকান পরিচালনা করেন এবং বর্তমানে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত আছেন।






