নাটোরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ও বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সদর উপজেলার ঢালান বাজার সংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে এই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার কিছু সময় পর গাওপাড়া ঢালান বাজার এলাকায় রাজশাহী মহাসড়কে ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। প্রায় পাঁচ মিনিটব্যাপী মিছিল শেষে তারা একটি মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেন। ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে একজন বক্তব্য দিচ্ছেন এবং এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসকে তাদের আশপাশে অবস্থান করতে দেখা যায়। পথসভা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এই কর্মসূচি প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এমরান হোসেন বলেন, ‘মিছিল করা বাক্‌স্বাধীনতার অংশ। তাই আমরা মিছিল করেছি। মিছিল করার কারণে পরে ওই এলাকার বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। কিছু লোককে মারপিটও করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।’

এদিকে নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ছাত্রলীগের মিছিল করার বিষয়টি তাদের জানা নেই। তিনি বলেন, এ ধরনের তৎপরতা চালানো হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।